টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণের চূড়ান্ত সিদ্ধান্ত প্রকাশ পাবে আগামী ২১ জানুয়ারির মধ্যেই। ভারতের মাটিতে খেলতে যাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যেই ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে এই সময়সীমা জানিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিষয়টি নিশ্চিত করেছে ক্রিকেটভিত্তিক নির্ভরযোগ্য মাধ্যম ইএসপিএনক্রিকইনফো।
গত সপ্তাহে প্রথম বৈঠকের পর আজ দ্বিতীয় দফা আলোচনাতেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাদের অবস্থান থেকে সরে আসেনি। বিসিবির দাবি, ভারতে খেলতে গেলে জাতীয় দলের খেলোয়াড়রা নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে। তাই বিকল্প হিসেবে সহ–আয়োজক শ্রীলঙ্কায় বাংলাদেশের গ্রুপপর্বের ম্যাচগুলো সরানোর প্রস্তাব দিয়েছে তারা।
তবে আইসিসি স্পষ্ট জানিয়ে দিয়েছে—বিশ্বকাপের মূল সূচি পরিবর্তন করা হবে না এবং গ্রুপ বা ভেন্যু অদলবদলের সুযোগ নেই।
বর্তমান সূচি অনুযায়ী বাংলাদেশ রয়েছে গ্রুপ–সিতে। এখানে তাদের তিনটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কলকাতায় এবং শেষ ম্যাচটি মুম্বাইয়ে। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতায়।
বিসিবি বিকল্প হিসেবে আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ বদলের প্রস্তাব দিলে তা–ও নাকচ করে আইসিসি।
বোর্ডের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, যদি বিসিবি ২১ জানুয়ারির মধ্যে ভারত সফর থেকে সরে দাঁড়ায়, তবে আইসিসি বিকল্প দল ডাকতে পারে। বর্তমান র্যাঙ্কিং অনুযায়ী সেই সুযোগ পেতে পারে স্কটল্যান্ড, যারা বাংলাদেশের জায়গায় বিশ্বকাপে উঠে আসার সবচেয়ে কাছাকাছি অবস্থানে রয়েছে।

