জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উদযাপন উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা পর্যায়ে অনুষ্ঠিত জারি গান প্রতিযোগিতায় সেরা হয়েছেন শ্রীনগর সরকারি কলেজের মো. ইসহাক হোসেন তাওহীদ ও তার দল। স্নাতক বিভাগের প্রতিযোগিতায় একক ও দলগত জারি গান উভয় ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জন করে তারা জেলার স্বীকৃতি অর্জন করেছে।
জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার আগে শ্রীনগর উপজেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে তারা জেলা পর্যায়ে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছিল। তাওহীদকে সহযোগিতা করেছেন দলের অন্যান্য সদস্য প্রিয়ন্তী বিশ্বাস, বৃষ্টি আক্তার, শাওন, তাজরিন, মিথিলা ও আকাশ।
শ্রীনগর উপজেলার মো. আব্দুল হামেদ শেখ ও সালমা বেগমের সন্তান মো. ইসহাক হোসেন তাওহীদ দীর্ঘদিন ধরে সংগীতের প্রতি আগ্রহী। ইতিপূর্বেও বিভিন্ন সাংস্কৃতিক ও সংগীত প্রতিযোগিতায় তার সাফল্যের সাক্ষর মিলেছে। বর্তমানে তিনি মহিলা বিষয়ক অধিদপ্তর পরিচালিত কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
শ্রীনগর সরকারি কলেজের কর্তৃপক্ষ এবং শিক্ষকবৃন্দ তাওহীদের এই ধারাবাহিক সাফল্যকে গর্বের সঙ্গে স্বীকৃতি দিয়েছেন। কলেজের শিক্ষকরা জানিয়েছেন, “তাওহীদ পড়াশোনার পাশাপাশি সৃজনশীল কাজে দক্ষ, যা সহপাঠীদের জন্য অনুপ্রেরণা।”
নিজের অনুভূতি প্রকাশ করে তাওহীদ বলেন, “জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হতে পারা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। এই সাফল্যের পেছনে আমার শিক্ষক ও বাবা-মায়ের দোয়া এবং অনুপ্রেরণা সবচেয়ে বড় ভূমিকা রেখেছে। আমি চাই সবাই আমার জন্য দোয়া করুন যাতে ভবিষ্যতে আরও বড় কিছু করতে পারি।”
তাওহীদের পরিবার ও কলেজ শিক্ষকরা তার ভবিষ্যৎ শিক্ষা ও সৃজনশীল সাফল্যের জন্য শুভকামনা জানিয়েছেন। তাওহীদের এই সাফল্য শুধুমাত্র তার ব্যক্তিগত গৌরব নয়, বরং শ্রীনগর সরকারি কলেজের সাংস্কৃতিক শক্তি ও জেলার শিক্ষাঙ্গনের জন্য গর্বের বিষয় হিসেবে ধরা হচ্ছে।

