মুন্সিগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মো. কামরুজ্জামান রতন ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি জেলা রিটার্নিং অফিসারের মাধ্যমে সরকারি গানম্যান বরাদ্দের আবেদন জমা দিয়েছেন।
গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের কাছে এ লিখিত আবেদন জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজাউল করিম।
নিরাপত্তা নিয়ে শঙ্কার বিষয়ে জানতে চাইলে কামরুজ্জামান রতন বলেন,
“রাষ্ট্রের বর্তমান পরিস্থিতিতে নিজেকে অনিরাপদ মনে করছি। সেই উদ্বেগ থেকেই নিরাপত্তা চেয়ে আবেদন করেছি। আশা করছি কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করে আমাকে প্রয়োজনীয় নিরাপত্তা দেবে।”
এ বিষয়ে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাউল করিম বলেন,
“প্রার্থীর আবেদন আমরা পেয়েছি। তবে গানম্যান বরাদ্দ দেওয়ার ক্ষমতা জেলা প্রশাসনের নেই। এজন্য আবেদনটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সিদ্ধান্ত সেখান থেকেই আসবে।”
নির্বাচন ঘিরে নিরাপত্তা পরিস্থিতি ও প্রার্থীদের ঝুঁকি নিয়ে চলমান আলোচনার মধ্যে রতনের এই আবেদন স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। এখন বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায়।

