কুষ্টিয়ার স্থানীয় সামাজিক কর্মী ও আলোচিত ব্যক্তি আমীর হামজা দাবি করেছেন যে তিনি বিভিন্ন মাধ্যমে হত্যার হুমকি পাচ্ছেন। এ পরিস্থিতিতে তিনি নিজের এবং পরিবারের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আমীর হামজা লেখেন, একটু জানিয়ে রাখি, গতকাল থেকে বিভিন্ন মাধ্যমে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি মৃত্যুর জন্য সব সময় প্রস্তুত, ইনশাআল্লাহ।
পোস্টে তিনি আরও লিখেছেন, আপনাদের কাছে অনুরোধ রইল, আমার অনুপস্থিতিতে কুষ্টিয়াতে যেই ইনসাফ কায়েমের লড়াই আমরা শুরু করেছি সেটা প্রতিষ্ঠিত কইরেন। আর আমার ৩টি শিশু কন্যাসন্তানকে একটু দেখে রাইখেন।
তার এই আবেগঘন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করায় অনেকে মন্তব্য করে পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।

