ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি অ্যাম্বুলেন্সে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ২টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ব্রিজের মাওয়ামুখী লেনে এ ঘটনা ঘটে। তবে দ্রুত সরে যেতে পারায় রোগীসহ চারজন যাত্রী অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন।
ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে মাগুরাগামী অ্যাম্বুলেন্সটি (ঢাকা মেট্রো ছ ৭১-৪৫৩১) কুচিয়ামোড়া এলাকায় পৌঁছালে হঠাৎ যান্ত্রিক ত্রুটির কারণে আগুন ধরে যায়।
আগুনের কারণে এক্সপ্রেসওয়ের ওই লেনে কিছুক্ষণ যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, অ্যাম্বুলেন্সটি রোগী নিয়ে ঢাকা থেকে মাগুরা যাচ্ছিল। কুচিয়ামোড়া ব্রিজ এলাকায় গাড়িটিতে হঠাৎ আগুন ধরে যায়। তবে গাড়িতে থাকা রোগীসহ চারজন যাত্রী দ্রুত নেমে যাওয়ায় কোনো প্রাণহানি ঘটেনি।
সিরাজদিখান ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আরিফ আনোয়ার জানান, খবর পেয়ে সিরাজদিখান ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে অ্যাম্বুলেন্সে বড় ধরনের ক্ষতি হয়।

