মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে হাসাইল চর থেকে গরুর ঘাস কেটে বাড়ি ফেরার পথে রিপন খান (২২) নামে এক যুবককে কুপিয়ে মোবাইল ফোন ও টাকা ছিনতায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত যুবকের বাবা সুলতান খান সোমবার (২০ জানুয়ারি) টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পরিবারের দাবি, গত শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে রিপন খান ট্রলারে করে হাসাইল চর থেকে ঘাস কেটে ফিরছিলেন। ট্রলারটি হাসাইল ঘাটে পৌঁছামাত্র স্থানীয় মামুন বেপারীর ছেলে মিরাজ বেপারী (২৫), মৃত রফিক বেপারীর ছেলে রমজান বেপারী, নজু শেখের ছেলে শান্ত শেখ (২৩)সহ আরও তিন-চারজন সন্ত্রাসী অতর্কিতভাবে তার ওপর হামলা চালায়।
অভিযোগে বলা হয়, সন্ত্রাসীরা ধারালো ছুরি ও চাইনিজ কুড়াল দিয়ে রিপনকে কুপিয়ে জখম করে তার পকেট থেকে ১৬,৩৫০ টাকা এবং একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ছিনিয়ে নেয়। রিপনের চিৎকারে এলাকাবাসী দৌড়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গীবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন এবং তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মনিরুল হক ডাবলু জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা আরও জানান, মিরাজ, রমজান ও শান্ত এলাকার চিহ্নিত অপরাধী। তারা মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত। পুলিশের কঠোর নজরদারি থাকলে তাদের কাছ থেকে মাদক ও অস্ত্র উদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তারা দাবি করেন।
এছাড়া এলাকাবাসী অভিযোগ করে বলেন, কিছুদিন আগে মিরাজ গং একটি অটোরিকশা জিম্মি করে চালকের কাছ থেকে টাকা দাবি করে; টাকা না পেয়ে চালককে বিলের মধ্যে নিয়ে মারধরও করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলাও রয়েছে।
চিহ্নিত এসব অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় স্থানীয়দের মধ্যে চরম হতাশা দেখা দিয়েছে।

