রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ব্যয় বাড়ানোর প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। প্রকল্পটিতে অতিরিক্ত ২৫ হাজার ৫৯২ কোটি টাকা ব্যয় বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে।
রোববার (২৫ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত একনেক বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
বৈঠক শেষে গণমাধ্যমকে বিস্তারিত জানান পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন,
ডলারের হিসাবে ব্যয় খুব বেশি বাড়েনি। তবে টাকার অঙ্কে হিসাব করলে ব্যয় বৃদ্ধির পরিমাণ বড় মনে হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৩ সালের অক্টোবরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রকল্প অনুযায়ী ২০২১ সালের শুরুতেই একটি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা থাকলেও কোভিড-১৯ মহামারি, ইউক্রেন যুদ্ধসহ নানা বৈশ্বিক সংকটে কাজ বিলম্বিত হয়।
সংশোধিত অনুমোদন অনুযায়ী, প্রকল্পটির কাজ শেষ হওয়ার নতুন সময়সীমা নির্ধারণ করা হয়েছে ২০২৮ সালের জুন পর্যন্ত।
মূল উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুযায়ী রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ব্যয় ছিল ১ লাখ ১৩ হাজার ৯২ কোটি টাকা। প্রথম সংশোধিত ডিপিপিতে ব্যয় ২৫ হাজার ৫৯২ কোটি ৮৫ লাখ টাকা বাড়িয়ে মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৬৮৫ কোটি ৭৬ লাখ টাকা।
অর্থাৎ প্রকল্পের মোট ব্যয় ২২ দশমিক ৬৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ব্যয় বৃদ্ধির সম্পূর্ণ অর্থই আসবে প্রকল্প ঋণ থেকে।
রূপপুর প্রকল্পসহ একনেক সভায় মোট ২৫টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে ৪৫ হাজার ১৯১ কোটি টাকা।
এর মধ্যে—
- সরকারি তহবিল: ১০ হাজার ৮৮১ কোটি ৪০ লাখ টাকা
- বৈদেশিক ঋণ: ৩২ হাজার ৯৮ কোটি টাকা
- সংস্থার নিজস্ব তহবিল: ২ হাজার ২৯১ কোটি টাকা

