গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!
দেশের ক্রিকেট যখন একের পর এক সংকটের মুখে, ঠিক সেই সময় গভীর রাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের দেশ ছাড়ার খবরে ক্রিকেটাঙ্গনে তীব্র আলোচনা শুরু হয়েছে। রোববার গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বলে একাধিক গণমাধ্যম ও বোর্ড সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
প্রথমবারের মতো টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অনুপস্থিতি, বোর্ড পরিচালকদের পদত্যাগ এবং চলমান প্রশাসনিক অস্থিরতার মধ্যেই বিসিবি সভাপতির এই বিদেশযাত্রা বোর্ডের নেতৃত্ব ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।
রোববার সন্ধ্যা থেকেই ক্রিকেট মহলে গুঞ্জন ছড়িয়ে পড়ে যে, বিসিবি সভাপতি রাতেই দেশ ছাড়তে পারেন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হলে প্রথমে প্রকাশ্যে বিদেশ সফরের বিষয়টি অস্বীকার করেন আমিনুল ইসলাম বুলবুল। তিনি দাবি করেন, দেশে থেকেই বোর্ডের কার্যক্রম সামলাচ্ছেন এবং নিকট ভবিষ্যতে কোনো বিদেশ সফরের পরিকল্পনা নেই।
তবে কয়েক ঘণ্টার ব্যবধানে সেই অবস্থানের পরিবর্তন ঘটে। সব জল্পনার অবসান ঘটিয়ে রোববার গভীর রাতে তিনি অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়েন। বোর্ড সংশ্লিষ্ট সূত্রের বরাতে একটি ইংরেজি দৈনিক জানিয়েছে, সেখানে তিনি পারিবারিক সময় কাটাবেন।
সংকটময় সময়ে বিসিবি সভাপতির এই বিদেশযাত্রা স্বাভাবিকভাবেই বিতর্কের জন্ম দিয়েছে। যখন বিশ্বকাপ ইস্যু, নেতৃত্ব সংকট ও প্রশাসনিক অনিশ্চয়তায় দেশের ক্রিকেট উত্তাল—তখন প্রধান দায়িত্বশীল ব্যক্তির দেশের বাইরে অবস্থান ক্রিকেটাঙ্গনে নানা প্রশ্নের সৃষ্টি করছে। বিসিবির বর্তমান পরিস্থিতিতে সভাপতির এই সফর কতটা প্রভাব ফেলবে এবং তাঁর অনুপস্থিতিতে বোর্ডের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে—সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন দেশের ক্রিকেটপ্রেমী ও সংশ্লিষ্ট মহল।

