
মুন্সিগঞ্জে নতুন বইয়ের প্রলোভনে শিশু ধর্ষণ চেষ্টা
নতুন বই দেওয়ার প্রলোভন দেখিয়ে ১১ বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তের নাম নুর ইসলাম ওরফে খচ্চর আলী (৭২)। তিনি মুন্সিগঞ্জের টংগীবাড়ী উপজেলার ধীপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বিষয়টি মুন্সিগঞ্জ জেলা পুলিশের নজরে আসে। এরপর পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশে টংগীবাড়ী থানা পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন মুন্সিগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম। তিনি জানান, গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ বিকেলে টংগীবাড়ী উপজেলা প্রেসক্লাব সংলগ্ন একটি নির্জন কক্ষে এ ঘটনা ঘটে। অভিযুক্ত নুর ইসলাম ওই প্রতিষ্ঠানের সাবেক প্রহরী ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযুক্ত নতুন বই দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নির্জন কক্ষে নিয়ে যান এবং সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন। দীর্ঘদিন ঘটনাটি গোপন থাকলেও সম্প্রতি ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
ভিডিওটি জেলা পুলিশের নজরে আসার সঙ্গে সঙ্গেই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। পরে অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে এবং এ ধরনের অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।
