
টঙ্গীবাড়ীতে যৌথ বাহিনীর অভিযান: দেশীয় অস্ত্র ও গাঁজাসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গাঁজাসহ সম্রাট হালদার (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। সেনাবাহিনী সূত্র জানায়, তিনি ওই এলাকার শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি হিসেবে পরিচিত।
রোববার (২৫ জানুয়ারি) দিবাগত গভীর রাতে টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অভিযানকালে সম্রাট হালদারের হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা, ৩২টি বিভিন্ন ধরনের দেশীয় ধারালো অস্ত্র, কিছু শনাক্তহীন মাদকদ্রব্য (যা বর্তমানে শনাক্তকরণের প্রক্রিয়ায় রয়েছে) এবং পাঁচটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে একটি হকি স্টিক, একটি রামদা, একটি বেসবল স্টিক, একটি লোহার স্প্রিং, পাঁচটি চাপাতি, ১৮টি ছুরি, একটি দা, একটি ক্ষুর, একটি চেইন স্টিক, একটি মোটরসাইকেলের চেইন এবং একটি মোটরসাইকেলের ডিস্ক।
মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়। এতে বলা হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ সদর আর্মি ক্যাম্প এই অভিযান পরিচালনা করে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গ্রেপ্তারকৃত সম্রাট হালদার দীর্ঘদিন ধরে টঙ্গীবাড়ী উপজেলায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। পরবর্তীতে তাকে উদ্ধারকৃত আলামতসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টঙ্গীবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল হক ডাবলু বলেন, “যৌথ বাহিনীর অভিযানে গভীর রাতে মাদক ও অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।”
সেনাবাহিনী জানায়, মুন্সীগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা বদ্ধপরিকর। সন্ত্রাস ও অবৈধ মাদকের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে আহ্বান জানানো হয়েছে।
