
ঢাকাসহ তিন জেলায় মোতায়েন হচ্ছে ৩৮ প্লাটুন বিজিবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুতি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোটগ্রহণ নিশ্চিত করতে রাজধানী ঢাকাসহ তিন জেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা ও ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে আগামীকাল বৃহস্পতিবার থেকে মাঠে নামছে বিজিবির ৫ ব্যাটালিয়নের মোট ৩৮ প্লাটুন সদস্য।
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর পিলখানায় বিজিবি সদর দপ্তরের ৫ ব্যাটালিয়নের ট্রেনিং গ্রাউন্ডে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা সেক্টরের আওতাধীন বিজিবি ৫ ব্যাটালিয়ন এলাকায় মোতায়েন করা হবে মোট ৩৮ প্লাটুন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের পাঁচটি সংসদীয় আসনে ১১ প্লাটুন, সাভার ও ধামরাইয়ের দুটি আসনে ৬ প্লাটুন, ফরিদপুর জেলার চারটি আসনে ১৩ প্লাটুন এবং মানিকগঞ্জের তিনটি আসনে ৮ প্লাটুন দায়িত্ব পালন করবে।
নির্বাচনকে ঘিরে বিশেষ নিরাপত্তা জোরদারে রাজধানীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানে মোতায়েন থাকবে বিজিবির বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড।
লেফটেন্যান্ট কর্নেল তৈমুর হাসান আরও জানান, যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় বিজিবির র্যাপিড অ্যাকশন টিম (র্যাট), কুইক রেসপন্স ফোর্স (কিউআরএফ) প্রস্তুত রাখা হয়েছে। প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের ব্যবস্থাও থাকবে। নির্বাচনী দায়িত্ব পালনে এবার ব্যবহার করা হবে বডি ওর্ন ক্যামেরা, নাইট ভিশন ডিভাইস, এপিসি এবং আধুনিক সিগন্যাল সরঞ্জাম। পাশাপাশি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে ব্যাটালিয়ন সদর দপ্তরে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে।
তিনি জানান, এবারের নির্বাচনে ভোটকেন্দ্রের ভেতরে বিজিবির প্রবেশের বিষয়ে নির্বাচন কমিশনের কোনো নিষেধাজ্ঞা নেই। প্রিজাইডিং অফিসার সহায়তা চাইলে বা কেন্দ্রের ভেতরে সহিংসতা কিংবা জাল ভোটের আশঙ্কা দেখা দিলে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবেন।
বিজিবি অধিনায়ক আশাবাদ ব্যক্ত করে বলেন, সরকার, নির্বাচন কমিশন ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।
