
লৌহজংয়ে যৌথ বাহিনীর অভিযান: পিস্তল-গুলিসহ শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি আটক ২
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটকরা হলেন—নুরুল আমিন বুলেট (৩৭) ও সুকুমার হাওলাদার (৩৮)।
শনিবার (৩১ জানুয়ারি) ভোরে লৌহজং উপজেলার মেদেনীমন্ডল ইউনিয়নের যশলদিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের কাছ থেকে একটি পিস্তল, কয়েক রাউন্ড গুলি, ইয়াবা, গাঁজা, হেরোইন, আফিম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের ধরতে যৌথ বাহিনীর নিয়মিত তল্লাশি অভিযানের অংশ হিসেবেই যশলদিয়া এলাকায় এই অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী।
অভিযান শেষে আটক দুই ব্যক্তি ও উদ্ধারকৃত সব আলামত পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য লৌহজং থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
