
শেষ ওভারের তিন বাউন্ডারিতে বদলে গেল ম্যাচের ভাগ্য
মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের আয়োজনে অনুষ্ঠিত মটুকপুর প্রিমিয়ার ক্রিকেট লীগের ফাইনাল ম্যাচটি রূপ নেয় এক উত্তেজনাপূর্ণ নাটকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষ ওভারে টানা তিনটি বাউন্ডারি হাঁকিয়ে নাটকীয় জয় তুলে নেয় মড়ল ওয়ারিয়র্স, আর তাতেই নিশ্চিত হয় টুর্নামেন্টের শিরোপা।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিকাল ৩টায় শুরু হওয়া ফাইনালে মুখোমুখি হয় মো. শরীফ বেপারীর পান্না পোল্ট্রি দল ও সজীব রায়হানের নেতৃত্বাধীন মড়ল ওয়ারিয়র্স। ম্যাচের শুরু থেকেই দুই দলের আক্রমণাত্মক ব্যাটিং ও আঁটসাঁট বোলিংয়ে দর্শকদের উত্তেজনা চরমে ওঠে। শেষ ওভার পর্যন্ত ম্যাচের ফল অনিশ্চিত থাকায় মাঠজুড়ে বিরাজ করে টানটান উত্তেজনা।
দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাসে পুরো মাঠজুড়ে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ। শেষ পর্যন্ত প্রতিপক্ষকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মড়ল ওয়ারিয়র্স।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আক্তার হোসেন মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মটুকপুর পল্লী উন্নয়ন সমাজ সেবা সংঘের সভাপতি মো. শরীফফুজ্জোহা পাঠান রিপন এবং সাধারণ সম্পাদক মো. সুমন বেপারী। এছাড়া কার্যকরী কমিটির সদস্য মো. ভুলু পাঠানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার এবং তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এই প্রিমিয়ার ক্রিকেট লীগের আয়োজন করা হয়েছে।
