Site icon বিক্রমপুর ইনসাইডার

আবারও ‘৫ আগস্ট’ ঘটতে পারে: সতর্ক করলেন রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক:

নির্বাচন কমিশন ও সরকারের প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হলে যেকোনো আসনে আবারও ৫ আগস্টের মতো পরিস্থিতি সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চাঁনপুর বাজারে এক উঠান বৈঠকে তিনি এ বক্তব্য দেন।

রুমিন ফারহানা বলেন, “দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ একটি জাতীয় নির্বাচনের মুখোমুখি। আমার আসনের ৫ লাখ ভোটার যেন নিরাপদে ভোটকেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা।”
তিনি পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশনকে নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন বা সরকার—কেউ যদি নিরপেক্ষতার ঘাটতি দেখায়, তবে সবাই ৫ আগস্টের ঘটনাটি মনে রাখবেন। সারা দেশে যা হয়েছিল তা কিন্তু যেকোনো আসনেই পুনরাবৃত্তি ঘটতে পারে।

স্বতন্ত্র এই প্রার্থী প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,
আইনের ভেতরেই কাজ করুন। কোনো প্রার্থীকে আলাদা চোখে দেখবেন না। আইন সবার জন্য সমান হওয়া উচিত এবং প্রয়োগও সমানভাবে নিশ্চিত করতে হবে।

এর আগের দিন শনিবার (১৭ জানুয়ারি) আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ইসলামাবাদ এলাকায় রুমিন ফারহানার নির্বাচনী সমাবেশ বন্ধ করে তার এক সমর্থককে ৪০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

এসময় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে তর্কে জড়িয়ে তাকে আঙুল উঁচিয়ে হুমকি প্রদর্শন করেন রুমিন ফারহানা। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় ব্যাপক সমালোচনা।

Exit mobile version