Site icon বিক্রমপুর ইনসাইডার

বাংলাদেশকে সমর্থন দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করল পাকিস্তান: শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে অনিশ্চয়তা আরও ঘনীভূত হয়েছে। ভারতের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে ইতোমধ্যে বিশ্বকাপের ম্যাচে না যাওয়ার ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানিয়ে নিজেদের বিশ্বকাপ প্রস্তুতিও স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

পাকিস্তানি গণমাধ্যম জিও সুপার জানিয়েছে, ভারতে দল পাঠাতে বাংলাদেশ যে আপত্তি জানিয়েছে, তাকে যৌক্তিক ও গ্রহণযোগ্য বলে মনে করছে পিসিবি। নিরাপত্তা উদ্বেগের বিষয়টিকে গুরুত্ব দিয়ে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি আগামী ৭ ফেব্রুয়ারি থেকে নির্ধারিত টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি কার্যক্রম আপাতত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশের ইস্যুতে যদি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কোনও গ্রহণযোগ্য সমাধান দিতে ব্যর্থ হয়, তাহলে পাকিস্তানও বিশ্বকাপে অংশ নেওয়া নিয়ে পুনর্বিবেচনা করতে পারে। এমনকি টুর্নামেন্টে না খেলার সম্ভাবনাও মাথায় রেখে টিম ম্যানেজমেন্টকে বিকল্প পরিকল্পনা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে।

পিসিবির একটি অভ্যন্তরীণ সূত্র জানায়, আয়োজক দেশের সুবিধার নামে কোনো দলের ওপর চাপ বা হুমকি প্রয়োগ করা উচিত নয়—এমন নীতিগত অবস্থানেই রয়েছে পাকিস্তান। এর আগে পিসিবি জানিয়েছিল, শ্রীলঙ্কার ভেন্যু না পাওয়া গেলে তারা বাংলাদেশের ম্যাচ আয়োজন করতেও প্রস্তুত।

এদিকে সংকট সমাধানে বাংলাদেশ গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিলেও সেটি কার্যত বাতিল হয়ে গেছে। ক্রিকেটভিত্তিক পোর্টাল ক্রিকবাজ জানায়, ক্রিকেট আয়ারল্যান্ড (সিএ) তাদের নির্ধারিত গ্রুপ পরিবর্তনে রাজি নয়। ফলে আয়ারল্যান্ড-বাংলাদেশ গ্রুপ অদলবদলের সম্ভাবনা শেষ।

বর্তমান সূচি অনুযায়ী—
গ্রুপ বি: শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, জিম্বাবুয়ে, ওমান ও আয়ারল্যান্ড; ম্যাচ শ্রীলঙ্কার কলম্বো ও ক্যান্ডিতে।
গ্রুপ সি: বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি; ম্যাচ ভারতের কলকাতা ও মুম্বাইয়ে।

ভারত সফরে বাংলাদেশ অনাগ্রহ প্রকাশ করায় আইসিসি বিসিবিকে ২১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানানোর সময়সীমা দিয়েছে। একই সঙ্গে জানিয়ে দিয়েছে সূচি বা ভেন্যু পরিবর্তনের কোনো সুযোগ নেই। বাংলাদেশ শেষ পর্যন্ত ভারতে না গেলে র‌্যাঙ্কিং অনুযায়ী স্কটল্যান্ডকে বদলি দল হিসেবে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে আইসিসির।

Exit mobile version