নতুন করে উত্তাপ ছড়িয়েছে টি–টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) মধ্যে। নিরাপত্তাজনিত কারণে ভারতে খেলতে না যাওয়ার পূর্বের অবস্থান থেকে একচুলও নড়েনি বিসিবি। আইসিসির পুনর্বিবেচনার অনুরোধ সত্ত্বেও বাংলাদেশ স্পষ্ট জানিয়ে দিয়েছে—তাদের ভারতে দল পাঠানো সম্ভব নয়।
আজ দুপুরে বিসিবি ও আইসিসির মধ্যে অনুষ্ঠিত ভিডিও কনফারেন্স শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি। বোর্ড জানায়, ভারতের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় জাতীয় দলকে সেখানে পাঠানো হবে না এবং আগের সিদ্ধান্তই বহাল থাকবে।
সভায় বিসিবির পক্ষ থেকে অংশ নেন সভাপতি আমিনুল ইসলাম, সহসভাপতি মো. সাখাওয়াত হোসেন ও ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নাজমূল আবেদীন এবং প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আইসিসি বিসিবিকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানালেও বোর্ড নিজেদের অবস্থান থেকে সরে আসেনি। আইসিসি জানায়, টি–টোয়েন্টি বিশ্বকাপের সূচি ইতোমধ্যে ঘোষণা করা হয়েছে এবং পরিবর্তন করা কঠিন। তবুও বাংলাদেশের অনড় অবস্থানের কারণে আলোচনায় অচলাবস্থা তৈরি হয়েছে।
বাংলাদেশের ম্যাচগুলো ভারতের বাইরে কোনো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের জন্য আইসিসিকে আবারও আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে বিসিবি। বোর্ড জানায়, খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করাই তাদের সর্বোচ্চ প্রাধান্য। উভয় পক্ষই আলোচনার মাধ্যমে সংকটের সমাধান খুঁজে বের করতে সম্মত হয়েছে। আগামী দিনগুলোতে বিসিবি ও আইসিসির মধ্যে আরও বৈঠক হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

