বিদেশে অবস্থান করে হুমকি দেওয়ার কোনো বাস্তব মূল্য নেই মন্তব্য করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “সাহস থাকলে দেশে ফিরে আইনের মুখোমুখি হোন। বিদেশে বসে দেওয়া বক্তব্যের কোনো গ্রহণযোগ্যতা নেই।”
বুধবার (১৪ জানুয়ারি) সকালে চট্টগ্রামের সাতকানিয়ার বাইতুল ইজ্জতে বিজিবির ১০৪তম রিক্রুটিং প্যারেডের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
“পালিয়ে থাকা ব্যক্তিরা অনেক কিছুই বলতে পারেন। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনে এসে কথা বললেই তার মূল্য তৈরি হয়।”
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পর্যাপ্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের কথা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,
কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সে জন্য ফোর্সের সংখ্যা বাড়ানো হচ্ছে। সবার সহযোগিতা পেলে নির্বাচন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।
মিয়ানমারের রাখাইন সীমান্ত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন,
মিয়ানমারের সেনাবাহিনীর অনুপস্থিতিতে আরাকান আর্মির নিয়ন্ত্রণে বিভিন্ন জটিলতা তৈরি হচ্ছে। তাদের কর্মকাণ্ডের কারণে সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে।
তিনি জানান—
- বাংলাদেশ সরকার মিয়ানমারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে,
- যেকোনো ঘটনার ক্ষেত্রে কূটনৈতিকভাবে প্রতিবাদ জানানো হচ্ছে,
- সীমান্তে গোলা পড়া ও শিশু গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন,
আরাকান আর্মিকে কোনো বৈধতা দেওয়া হয়নি। সীমান্তে সার্বক্ষণিক বাহিনী মোতায়েন রয়েছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।আইনশৃঙ্খলা বাহিনীর ভেতরে সাবেক সরকারের অনুসারী আছে কি না—এমন প্রশ্নে তিনি জোর দিয়ে বলেন,
এমন কারও অস্তিত্ব নেই।
বিজিবির সাম্প্রতিক রিক্রুটমেন্ট নিয়ে তিনি জানান,
এইবার রেকর্ড ৩,০২৩ জন নবীন সৈনিক প্রশিক্ষণ শেষ করেছে, যা বিজিবির ইতিহাসে অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। তারা দ্রুত বিভিন্ন ইউনিটে যোগ দিয়ে দায়িত্ব পালন শুরু করবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা মনে করেন,
বড় পরিসরের এই রিক্রুটমেন্টের অন্যতম লক্ষ্য হলো আসন্ন ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন যেন সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

