
দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কৃত তাজুল ইসলামের ব্যতিক্রমী প্রতিক্রিয়ায় মিশ্র প্রতিক্রিয়া বিএনপি কর্মীদের মধ্যে
মুন্সীগঞ্জ জেলা বিএনপি থেকে বহিষ্কৃত হওয়ার পর শ্রীনগরে প্রকাশ্যে মিষ্টি বিতরণ করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন শ্রীনগর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. তাজুল ইসলাম। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে তিনি শ্রীনগর বাজার ও ইউনিয়ন পরিষদ চত্বরে পথচারী ও ব্যবসায়ীদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এই ঘটনায় স্থানীয় রাজনীতিতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এর আগে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত ২৭ জানুয়ারির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়—দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মো. তাজুল ইসলামসহ একাধিক নেতাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃত অন্য নেতারা হলেন—দেলোয়ার হোসেন, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা এবং জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বিনা। একই আদেশে সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহমেদ ও কোলা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহেরকেও দল থেকে বহিষ্কার করা হয়।
আরও পড়ুন : মুন্সিগঞ্জ বিএনপিতে ভয়াবহ ভাঙন: একদিনে ১১ বহিষ্কার, ৫ নেতার পদত্যাগে নেতৃত্ব সংকট চরমে
বহিষ্কারের খবরে বিএনপির তৃণমূল পর্যায়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিলেও, শ্রীনগর বাজারে তাজুল ইসলামের মিষ্টি বিতরণের ঘটনা রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের একাংশ মনে করছেন, বহিষ্কারের সিদ্ধান্তের বিরুদ্ধে ভিন্নধর্মী প্রতিবাদ হিসেবেই তিনি এ কর্মসূচি পালন করেছেন।
দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা উল্লেখ করে তাজুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন,
“৩৫ বছর ধরে বিএনপির রাজনীতি করেছি। এই সময়ে বহু মামলার আসামি হয়েছি। আজ দল আমাকে যে ‘পুরস্কার’ দিল, তার কারণ এখনও জানি না। কোনো ভুল করলে সাধারণত কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়, কিন্তু আমাকে সেটাও দেওয়া হয়নি। মূলত আওয়ামী লীগ আমলে যারা সুবিধা নিয়েছে, তাদের জায়গা করে দিতেই আমাকে ও আরও কয়েকজন ত্যাগী নেতাকে বহিষ্কার করা হয়েছে।”
উল্লেখ্য, মো. তাজুল ইসলাম বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় ছিলেন। তিনি শ্রীনগর উপজেলা বিএনপি, শ্রীনগর সরকারি কলেজ ও মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া জেলা যুবদলের সহ-সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সদস্য এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি শ্রীনগর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সর্বশেষ মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
