Site icon বিক্রমপুর ইনসাইডার

বক্তব্য দেওয়ার মঞ্চেই মৃত্যু: কুষ্টিয়া জেলা জামায়াত আমির আবুল হাশেম আর নেই

কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির ও পোড়াদহ ডিগ্রি কলেজের অধ্যাপক আবুল হাশেম আর নেই। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে দলীয় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনাটি ঘটে কুষ্টিয়া সদর আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে। প্রত্যক্ষদর্শীরা জানান, বক্তব্যের মাঝপথে তিনি হঠাৎ দুর্বল হয়ে মঞ্চে বসে পড়েন। পরে দ্রুত কুষ্টিয়া শহরের মান্নান হার্ট ফাউন্ডেশনে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মান্নান হার্ট অ্যান্ড জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল মোমেন বলেন, হাসপাতালে আনার আগেই তিনি মারা গেছেন। মৃত্যুর সঠিক কারণ এখনই নিশ্চিত করে বলা সম্ভব নয়।

কুষ্টিয়া শহর জামায়াত আমির এনামুল হক জানান, মুফতি আমির হামজাকে হত্যার হুমকির প্রতিবাদে সোমবার বিকেল সাড়ে ৩টায় পৌরসভা চত্বর থেকে সদর উপজেলা জামায়াতের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের এনএস রোড প্রদক্ষিণ করে একতারা মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করছিলেন অধ্যাপক আবুল হাশেম।

তিনি আরও বলেন, বক্তব্য দেওয়ার একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। ধারণা করা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন।

উল্লেখ্য, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কুষ্টিয়া সদর আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজাকে হত্যার হুমকি দেওয়া হয়। এর প্রতিবাদে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছিল।

প্রয়াত আবুল হাশেম দীর্ঘদিন ধরে ইসলামী আন্দোলন, সংগঠন পরিচালনা ও শিক্ষাক্ষেত্রে সক্রিয় ভূমিকা রেখে আসছিলেন। তার মৃত্যুতে দলীয় কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Exit mobile version