Site icon বিক্রমপুর ইনসাইডার

দাউদকান্দিতে বেইলি সেতু ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন: দুর্ভোগে মতলব ও কচুয়ার মানুষ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার খিরাই নদের ওপর নির্মিত পুরোনো বেইলি সেতুর পাটাতন ভেঙে পড়ায় মতলব দক্ষিণ ও কচুয়া উপজেলার সঙ্গে সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রোববার (১৮ জানুয়ারি) সকালে গাছের গুঁড়ি বোঝাই একটি ভারী ট্রাক সেতুর মাঝামাঝি উঠতেই স্টিলের প্লেট ভেঙে ট্রাকটি আটকে পড়ে। এতে দুই উপজেলার হাজারো যাত্রী ও স্থানীয়দের চরম ভোগান্তি শুরু হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ২৫ বছর আগে নির্মিত সেতুটি দীর্ঘদিন ধরেই জীর্ণ হয়ে পড়ে ছিল। মরিচা ধরা স্টিলের পাটাতনের ওপর নিয়মিত ভারী যান চলাচল চলায় সেতুটি আরও দুর্বল হয়ে পড়ে। অবশেষে ওভারলোড ট্রাকের চাপে দুটি স্টিল প্লেট ভেঙে দুর্ঘটনা ঘটে। ভাগ্যক্রমে ট্রাকচালক ও সহকারী নিরাপদে বের হয়ে আসতে সক্ষম হন।

এদিকে সেতু ভেঙে পড়ায় মতলব–দাউদকান্দি আঞ্চলিক সড়কের যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। বিকল্প কোনো সেতু বা রাস্তা না থাকায় সাধারণ মানুষ, শিক্ষার্থী, রোগী ও ব্যবসায়ীরা সীমাহীন দুর্ভোগে পড়েছেন।

দাউদকান্দি উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. জাহিদুল ইসলাম জানান, জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্ত সেতুটি মেরামতের প্রস্তুতি চলছে। তিনি আরও বলেন, একই স্থানে একটি স্থায়ী পাকা সেতু নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। তাদের দাবি—দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে ভারী যান চলার সুযোগ দেওয়াই বড় অব্যবস্থাপনা।

Exit mobile version