মুন্সীগঞ্জে আগামী জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন বিষয়ে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তর প্রধানদের নিয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুব, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারবৃন্দসহ বিভিন্ন সরকারি বিভাগের প্রধানগণ।
সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে সমন্বয় করে গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল এবং নতুন বাংলাদেশ গঠনে দিকনির্দেশনা প্রদান করবে। তাই প্রত্যেক কর্মকর্তাকে নিজ নিজ অবস্থান থেকে গণভোট সম্পর্কে জনগণকে অবহিত করার নির্দেশ দেন তিনি।

