বিএনপি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ঐকমত্যের ভিত্তিতে স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। সনদের বাইরে আমাদের কোনো বক্তব্য নেই। জাতীয় ঐকমত্যই আমাদের পথনির্দেশনা।
বুধবার সকালে কক্সবাজারের পেকুয়ায় আশরাফুল উলুম মাদ্রাসার মাঠে আয়োজিত উলামা মাশায়েখ সম্মেলন এবং বার্ষিক মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপির রাজনীতি ক্ষমতা নয় বরং জনগণের অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রাম।তিনি বলেন আমরা রাজনীতি করি দেশের মানুষের শান্তি, শৃঙ্খলা, আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য। এসব অর্জনে জাতীয় ঐক্য জরুরি। সেই ঐকমত্যের ভিত্তিতে আমরা কিছু সংস্কার প্রস্তাব রেখেছি, যা জাতীয়ভাবে বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ব্যবস্থার পুনরুদ্ধারে জাতীয় সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই দলীয় অবস্থানকে ঐকমত্যের বাইরে না রেখে, জাতীয় স্বার্থকেই অগ্রাধিকার দেবে বিএনপি।
সংবিধানে ‘বিসমিল্লাহ’ ফেরানোর ঘোষণা
বক্তৃতায় সালাহউদ্দিন আহমদ প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানও স্মরণ করেন। তিনি বলেন, জিয়াউর রহমানই প্রথম বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহ’ সংযোজন করেন এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাসকে স্থান দেন। কিন্তু আওয়ামী লীগ ফ্যাসিবাদী সরকার তা মুছে ফেলে।
বিএনপি ক্ষমতায় এলে সংবিধানের সেই মূলনীতি ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন তিনি। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি—যদি দায়িত্বপ্রাপ্ত হই, সংবিধানের মূলনীতিতে মহান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস পুনঃসংযোজন করব, ইনশাআল্লাহ।
সম্মেলনে উলামা মাশায়েখ, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে মেধা বৃত্তি পরীক্ষায় উত্তীर्ण শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সালাহউদ্দিন আহমদ। পেকুয়ার জনসভায় তার এই বক্তব্য জনমনে নতুন রাজনৈতিক উচ্ছ্বাস তৈরি করেছে বলে স্থানীয়রা জানান।

