
দৌলতপুরে মোটরসাইকেল দুর্ঘটনা | চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস সপ্তম শ্রেণির ছাত্র সাঈদ | একই দুর্ঘটনায় প্রাণ হারায় তিন সহপাঠী
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধু, পাশাপাশি কবরে দাফন—এলাকাজুড়ে শোক
কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র সাঈদ হোসেন (১৪) চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ায় একই ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে। পরে জানাজা শেষে তিন বন্ধুকে পাশাপাশি কবরে দাফন করা হলে পুরো এলাকায় নেমে আসে শোকের ছায়া।
রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় সাঈদের মৃত্যু হয়। সোমবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে জানাজা শেষে তাকে তার দুই সহপাঠী বন্ধুর পাশেই সমাহিত করা হয়।
নিহতরা হলো—দৌলতপুর উপজেলার দৌলতখালী চৌহদ্দিপাড়া গ্রামের হেকমত উল্লাহর ছেলে রহমত আলী (১৪), আমিনুল ইসলামের ছেলে সাহাবী হোসেন (১৪) এবং জিয়ার আলীর ছেলে সাঈদ হোসেন (১৪)। তারা সবাই দৌলতখালী মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে তিন বন্ধু প্রাইভেট পড়ার উদ্দেশ্যে দৌলতখালী মাদরাসা মোড়ে যায়। পড়া শেষে সকাল ৯টার দিকে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে দৌলতখালী হাজীপাড়া এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা খায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রহমত আলী ও সাহাবী হোসেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত সাঈদকে প্রথমে কুষ্টিয়া সদর হাসপাতাল এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার রাতে তার মৃত্যু হয়।
তিন কিশোরের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার-পরিজন ও এলাকাবাসীর মধ্যে শোকের মাতম বিরাজ করছে।