
একদিনে ১১ বহিষ্কার, ৫ নেতার পদত্যাগে নেতৃত্ব সংকট চরমে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সিগঞ্জে রাজনৈতিক উত্তাপ বাড়লেও, ভোটের প্রতিদ্বন্দ্বিতার চেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে জেলা বিএনপির ভয়াবহ অভ্যন্তরীণ সংকট। এক দিনের ব্যবধানে কেন্দ্রীয় সিদ্ধান্তে ১১ নেতাকে বহিষ্কার এবং এর প্রতিবাদে আরও ৫ শীর্ষ নেতার পদত্যাগে কার্যত নেতৃত্বহীন হয়ে পড়েছে মুন্সিগঞ্জ জেলা বিএনপি।
দুই সংসদীয় আসনে স্বতন্ত্র (বিদ্রোহী) প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে কেন্দ্রীয় বিএনপি কঠোর ব্যবস্থা নেয়। এরই মধ্যে জেলা কমিটির আহ্বায়ক মিজানুর রহমান সিনহা অসুস্থতাজনিত কারণে বিদেশে চিকিৎসাধীন এবং সদস্য সচিব মো. মহিউদ্দিন দল থেকে বহিষ্কৃত হওয়ায় সংগঠনের শীর্ষ নেতৃত্বে বড় ধরনের শূন্যতা তৈরি হয়েছে।
সর্বশেষ বুধবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মুন্সিগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে আরও তিন নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃতরা হলেন— পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন (বহিষ্কৃত সদস্য সচিব ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ভাই), মহাকালী ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন ভূঁইয়া এবং রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শওকত। একই সঙ্গে মহাকালী ও রামপাল ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এ নিয়ে মুন্সিগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীসহ মোট ছয়জন বিএনপি নেতা বহিষ্কৃত হলেন।
অন্যদিকে, মুন্সিগঞ্জ-১ আসনেও একই অভিযোগে মঙ্গলবার রাতে আটজন নেতাকে বহিষ্কার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেন, তাজুল ইসলাম, আওলাদ হোসেন উজ্জ্বল, জসিম মোল্লা এবং জেলা মহিলা দলের সভাপতি সেলিনা আক্তার বীণা। এছাড়াও সিরাজদীখান উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওলাদ হোসেন ভূঁইয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন আহম্মেদ ও আবু তাহেরকে বহিষ্কার করা হয়।
এই গণ-বহিষ্কারের প্রতিবাদে এবং বর্তমান পরিস্থিতির প্রতি ক্ষোভ জানিয়ে বুধবার রাতে জেলা বিএনপির পাঁচজন শীর্ষ নেতা পৃথক সময়ে পদত্যাগ করেন। পদত্যাগকারীরা হলেন— জেলা কমিটির সদস্য আতোয়ার হোসেন বাবুল, সাহাদাত সরকার, কাজী আবু সুফিয়ান বিপ্লব, মাহাবুব আলম স্বপন এবং মাহাবুবুর রহমান খান।
দলীয় সূত্রে জানা গেছে, ৫৯ সদস্যবিশিষ্ট জেলা আহ্বায়ক কমিটির অবস্থা বর্তমানে অত্যন্ত নাজুক। এ পর্যন্ত সদস্য সচিবসহ মোট নয়জন নেতাকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে, কমিটির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকায় গুরুত্বপূর্ণ সময়ে দল কার্যত অভিভাবকশূন্য হয়ে পড়েছে।
তৃণমূল নেতাকর্মীদের আশঙ্কা, শীর্ষ নেতৃত্বের বহিষ্কার ও পদত্যাগে জেলা বিএনপির সাংগঠনিক কাঠামো কার্যত ভেঙে পড়েছে, যা আসন্ন নির্বাচনে দলকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।
উল্লেখ্য, মুন্সিগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মমিন আলী এবং মুন্সিগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন বহিষ্কৃত নেতা মো. মহিউদ্দিন।
