বিক্রমপুর ইনসাইডার

মুন্সীগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ: আদালতে স্বীকারোক্তি দিল অভিযুক্ত যুবক

মুন্সীগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণ: আদালতে স্বীকারোক্তি দিল অভিযুক্ত যুবক

মুন্সীগঞ্জে সাত বছরের এক শিশুকে ধর্ষণের ঘটনায় আল আমিন (৩৫) নামে এক যুবক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মুন্সীগঞ্জ আদালতের কোর্ট পুলিশ সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার পঞ্চসার এলাকায় সংঘটিত ওই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করে। তিনি স্থানীয় একটি সুতা তৈরির কারখানায় কর্মরত ছিলেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, সোমবার বিকেলে ঘটনার মাত্র পাঁচ ঘণ্টার মধ্যেই অভিযুক্তকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি ঘটনার দায় স্বীকার করে জবানবন্দি দেন।

পুলিশ জানায়, সোমবার বিকেল ৪টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের দশকানি (ভূইয়াবাড়ী) এলাকায় মজিবুর ভূইয়ার বাড়ির সামনে খেলছিল ভুক্তভোগী শিশুটি। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া আল আমিন কৌশলে শিশুটিকে পাশের একটি বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ঘটনার পরপরই শিশুটির বাবা মুন্সীগঞ্জ সদর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিকভাবে ধর্ষণ মামলা রুজু করে। ঘটনার পর অভিযুক্ত আত্মগোপনে চলে গেলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শিপন আলী শেখ তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করেন।

ওসি আরও জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঘটনার মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে অভিযুক্ত আল আমিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

Exit mobile version