Site icon বিক্রমপুর ইনসাইডার

মুন্সীগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে মুন্সীগঞ্জের দুটি সংসদীয় আসনে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাদের প্রাথমিক সদস্য পদও বাতিল করা হয়েছে।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

বহিষ্কৃত নেতারা হলেন—মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর ও সিরাজদিখান) আসনের জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মমিন আলী এবং মুন্সীগঞ্জ-৩ (সদর ও গজারিয়া) আসনের জেলা বিএনপির সদস্য সচিব ও সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন।

আরও পড়ুন

দলীয় সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত উপেক্ষা করে উভয় নেতা নিজ নিজ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘ফুটবল’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করায় তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এ সিদ্ধান্তে সংশ্লিষ্ট দুই আসনের বিএনপি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে। বিশেষ করে মুন্সীগঞ্জ-৩ আসনে দীর্ঘদিন ধরে নির্বাচনকে কেন্দ্র করে নেতাকর্মী ও ভোটারদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টির অভিযোগ ছিল মো. মহিউদ্দিনের বিরুদ্ধে। তার বহিষ্কারের ফলে সেই বিভ্রান্তির অবসান ঘটেছে বলে দাবি করেন স্থানীয় নেতারা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা রক্ষা এবং সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর করার স্বার্থে এই বহিষ্কার অবিলম্বে কার্যকর হবে।

এদিকে আসন্ন ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ মো. আব্দুল্লাহ। অপরদিকে মুন্সীগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে রয়েছেন কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. কামরুজ্জামান রতন।

Exit mobile version