
মুন্সিগঞ্জে নারী অস্ত্র ব্যবসায়ী আটক, ভ্যানিটি ব্যাগে মিলল মার্কিন পিস্তল
মুন্সিগঞ্জের গজারিয়ায় অস্ত্র বিক্রির উদ্দেশ্যে আসা এক নারীকে আটক করেছে পুলিশ। অভিযানে তার ভ্যানিটি ব্যাগ থেকে যুক্তরাষ্ট্রে তৈরি একটি অত্যাধুনিক পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে।
আটককৃত নারীর নাম আমেনা আক্তার (৩২)। তিনি রাজধানীর দক্ষিণ যাত্রাবাড়ী এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, সোমবার (২৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার ভবেরচর ইউনিয়নের ভিটিকান্দি এলাকায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন একটি রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গজারিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে মহাসড়কের পাশে একটি রেস্টুরেন্টের সামনে সন্দেহভাজন ওই নারীকে তল্লাশি করা হলে তার ভ্যানিটি ব্যাগে থাকা বিদেশি আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ ধারণা করছে, আটককৃত নারী কোনো সংঘবদ্ধ অস্ত্র পাচার চক্রের সদস্য এবং তিনি ওই এলাকায় অস্ত্রটি বিক্রি বা সরবরাহ করতে এসেছিলেন।
পুলিশ জানায়, আটক আমেনা আক্তারের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত কার্যক্রম শুরু করেছে গজারিয়া থানা পুলিশ।