বিক্রমপুর ইনসাইডার

মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতা: স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় হামলা, গোলাগুলিতে আহত ২

মোল্লাকান্দিতে ফুটবল ও ধানের শীষ সমর্থকদের সংঘর্ষে উত্তেজনা; পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের তৎপরতা

মুন্সীগঞ্জ-৩ (সদর) আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় অন্তত দুইজন গুলিবিদ্ধ হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ফুটবল প্রতীকের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা সকালে মুন্সিকান্দি এলাকায় ভোটারদের কাছে গণসংযোগ করতে যান। এ সময় ধানের শীষ প্রতীকের প্রার্থী কামরুজ্জামান রতনের সমর্থকদের একটি দল ককটেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাধা দেয়। ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে একাধিক ব্যক্তিকে অস্ত্র হাতে অবস্থান করতে দেখা যায়। খবর ছড়িয়ে পড়লে ফুটবল প্রতীকের সমর্থকরাও একত্রিত হয়ে প্রতিপক্ষের মুখোমুখি হয়। পরে কৃষিজমিতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটে, এতে দুইজন গুলিবিদ্ধ হন।

বর্তমানে দুই পক্ষই এলাকায় মুখোমুখি অবস্থানে রয়েছে। যেকোনো সময় পুনরায় সংঘর্ষের আশঙ্কায় স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পূর্ব থেকেই বিরোধ ছিল। নির্বাচন ঘনিয়ে আসায় তারা আবার এলাকায় সক্রিয় হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

Exit mobile version