বিক্রমপুর ইনসাইডার

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে সিমেন্টের ব্যাগে লুকানো দেশীয় বন্দুক উদ্ধার

মুন্সিগঞ্জে সেনাবাহিনীর বিশেষ অভিযানে সিমেন্টের ব্যাগে লুকানো দেশীয় বন্দুক উদ্ধার

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর বিশেষ অভিযানে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (শুটার গান) উদ্ধার করা হয়েছে। সিমেন্টের ব্যাগের ভেতরে লুকিয়ে রাখা ওই অস্ত্রটি উদ্ধার করা হয়।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের পুরাতন চরচাষি এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সেনাবাহিনী সূত্র জানায়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন গজারিয়া আর্মি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন সন্ত্রাসী মোবারক সরকারের বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি শুটার গান উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মোবারক সরকারকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মোবারক সরকার ওই এলাকার কুখ্যাত নৌ-ডাকাত ও শীর্ষ সন্ত্রাসী নয়ন–পিয়াস গ্যাংয়ের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য গজারিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে এই বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানায় সেনাবাহিনী। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

মুন্সিগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, জেলার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বদ্ধপরিকর। সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়।

Exit mobile version