বিক্রমপুর ইনসাইডার

মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ভাইসহ তিন বিএনপি নেতাকে বহিষ্কার

মুন্সীগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর ভাইসহ তিন বিএনপি নেতাকে বহিষ্কার। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে অবস্থান: মুন্সীগঞ্জে ভাইসহ ৩ বিএনপি নেতা বহিষ্কার, দুই ইউনিয়ন কমিটি বিলুপ্ত

মুন্সীগঞ্জ সদর ও গজারিয়া উপজেলা নিয়ে গঠিত মুন্সীগঞ্জ-৩ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনে অংশগ্রহণকে কেন্দ্র করে কড়া সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগে এক স্বতন্ত্র প্রার্থীর ভাইসহ তিনজন ইউনিয়ন পর্যায়ের বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে দুটি ইউনিয়ন বিএনপির কমিটি।

বহিষ্কৃত নেতারা হলেন—সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, মহাকালি ইউনিয়ন বিএনপির সভাপতি নাসির উদ্দিন ভূইয়া এবং রামপাল ইউনিয়ন বিএনপির সভাপতি শফিকুল ইসলাম শওকত। আব্দুল মতিন জেলা বিএনপির বহিষ্কৃত সদস্যসচিব ও স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের ভাই। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আব্দুল হাইয়ের ছোট ভাই হিসেবেও পরিচিত।

এছাড়াও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে মহাকালি ইউনিয়ন বিএনপি এবং রামপাল ইউনিয়ন বিএনপির কমিটি আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় সংশ্লিষ্ট তিন নেতাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা বজায় রাখতে মহাকালি ও রামপাল ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দলীয় সূত্র জানায়, ভবিষ্যতেও সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় এ ধরনের কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে।

Exit mobile version