মুন্সীগঞ্জ প্রতিনিধি:
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ কে সামনে রেখে মুন্সীগঞ্জের তিনটি সংসদীয় আসনে মোট চারজন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২০ জানুয়ারি) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সকাল থেকে বিকেল পর্যন্ত উপস্থিত হয়ে তারা মনোনয়ন প্রত্যাহার করেন। বিষয়টি নিশ্চিত করেছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুন্সীগঞ্জ-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন।
অন্যদিকে মুন্সীগঞ্জ-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যাপক এবিএম ফজলুল করিম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. আমিনুল ইসলাম মনোনয়নপত্র প্রত্যাহার করেন। ১০ দলীয় জোটের সিদ্ধান্ত মেনে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ান।
এছাড়া মুন্সীগঞ্জ-৩ আসনে খেলাফত মজলিসের প্রার্থী হাজী আব্বাস কাজী দলীয় সিদ্ধান্তের কারণে তার মনোনয়ন প্রত্যাহার করেছেন।
তবে এখনো নির্বাচনী মাঠে রয়েছেন বিএনপির দু’জন হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী—মুন্সীগঞ্জ-৩ আসনে জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন, এবং মুন্সীগঞ্জ-১ আসনে বিএনপির স্বতন্ত্র প্রার্থী মমিন আলী। তারা কেউই মনোনয়ন প্রত্যাহার করেননি।
জানা গেছে, বিএনপির মনোনয়ন পেয়েছেন মুন্সীগঞ্জ-১ আসনে শিল্পপতি মো. আবদুল্লাহ, এবং মুন্সীগঞ্জ-৩ আসনে দলের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক মো. কামরুজ্জামান রতন। ফলে ভোটারদের ধারণা—এই আসনগুলোতে স্বতন্ত্র, বিএনপি এবং ১০ দলীয় জোটের প্রার্থীদের মধ্যে ত্রিমুখী লড়াই গড়ে উঠতে পারে।
উল্লেখ্য, মুন্সীগঞ্জের তিনটি আসনে মোট ২৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। চারজন সরে দাঁড়ানোয় এখন চূড়ান্ত লড়াইয়ে থাকছেন ১৯ প্রার্থী।

