বাংলাদেশ ক্রিকেটে ফের উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম পদত্যাগ না করলে বিপিএলসহ দেশের সব ধরনের ক্রিকেট বর্জনের আলটিমেটাম দিয়েছেন ক্রিকেটাররা। বুধবার এক জরুরি অনলাইন সংবাদ সম্মেলনে ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) এই ঘোষণা দেয়।
জুম মিটিংয়ের মাধ্যমে সংবাদ সম্মেলনে কোয়াবের সভাপতি ও জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন জানান, আগামীকাল বৃহস্পতিবারের বিপিএল ম্যাচ শুরুর আগেই এম নাজমুলকে পদত্যাগ করতে হবে। অন্যথায় ক্রিকেটাররা সব ধরনের খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেবেন। অর্থাৎ, তারা সরাসরি আগামীকালের বিপিএল ম্যাচ বর্জনের হুমকি দিয়েছেন।
সম্প্রতি ক্রিকেটারদের সম্মানি নিয়ে কটূক্তি করে এম নাজমুল মন্তব্য করেন, “ওরা খেলতে গিয়ে কিছুই না করতে পারলে আমরা যে এত কোটি টাকা খরচ করি, তার কি ফেরত চাই?” তিনি আরও বলেন, “ক্রিকেট বোর্ড হলো শরীর আর ক্রিকেটাররা হলো তার অঙ্গ। শরীর না থাকলে হাত-পায়ের কোনো গুরুত্ব নেই।”
এ ঘটনা শুধু নয়, এর আগেও তিনি সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে অশালীন মন্তব্য করে বিতর্কের জন্ম দেন। তামিম ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ যাওয়া-না যাওয়া প্রসঙ্গে দেশের ক্রিকেট স্বার্থে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানালে, নাজমুল তাকে ‘ভারতের দালাল’ বলে ফেসবুকে পোস্ট দেন। তখনও কোয়াব প্রতিবাদ জানিয়েছিল। ক্রমবর্ধমান বিতর্ক ও উত্তেজনার মধ্যে ক্রিকেটাঙ্গনে এখন চরম অস্থিরতা বিরাজ করছে। তবে নাজমুল পদত্যাগ করবেন কি না, কিংবা বিপিএল ম্যাচ আদৌ মাঠে গড়াবে কি না—এ নিয়ে ক্রিকেটপ্রেমীদের নজর এখন বোর্ড ও ক্রিকেটারদের পরবর্তী সিদ্ধান্তে।

