কুষ্টিয়া-৩ (সদর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা হঠাৎ করেই দেশজুড়ে নিজের সকল ওয়াজ ও তাফসির মাহফিল স্থগিত ঘোষণা করেছেন। ব্যক্তিগত নিরাপত্তা সংকট এবং দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় তিনি এই কঠোর সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) রাত ৮টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা প্রকাশ করেন। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন—
“আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, নিরাপত্তা সংকট ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেশের বিভিন্ন প্রান্তে আমার ওয়াজ/তাফসীর মাহফিলের সকল সিডিউল আজ থেকে স্থগিত ঘোষণা করছি। এমন কঠিন সিদ্ধান্তের জন্য আমার তাফসীর মাহফিলের সিডিউল নেওয়া আয়োজক কমিটির কাছে ক্ষমা চাচ্ছি। আপনাদের দোয়ায় শামিল রাখবেন।”
এর আগে বিকেলে, মুফতি আমির হামজাকে দেওয়া হুমকির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ মিছিলে বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াত আমীর অধ্যাপক আবুল হাশেম অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন।
ঘটনার পরপরই আমির হামজা আবেগঘন পোস্টে লেখেন—
“আমার অভিভাবককে হারিয়ে ফেলেছি। হে আল্লাহ, এ কোন পরীক্ষা?”
এর মাত্র কয়েক ঘণ্টা পরই তিনি সারা দেশে সকল ওয়াজ মাহফিল স্থগিত করে আয়োজকদের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

