Site icon বিক্রমপুর ইনসাইডার

অর্থনীতি আর ভঙ্গুর নয়, রিজার্ভ বেড়ে ৩২ বিলিয়ন: জানালেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন

দেশের অর্থনীতি এখন আর ভঙ্গুর অবস্থায় নেই এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৮ বিলিয়ন থেকে বেড়ে ৩২ বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মাত্র দেড় বছরের ব্যবধানে অর্থনীতিকে খাদের কিনারা থেকে টেনে তুলতে সরকার সক্ষম হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাসান আলী স্কুল মাঠে গণভোট ও ভোটের গাড়ি কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থনীতির সামগ্রিক উন্নতি প্রসঙ্গে ড. সালেহউদ্দিন বলেন,
অর্থনীতিকে আইসিইউ থেকে বের করে এখন মোটামুটি ভালো অবস্থানে আনা হয়েছে। ফরেন এক্সচেঞ্জ মার্কেট স্থিতিশীল, রেমিট্যান্স প্রবাহ ভালো, রপ্তানি আয়ও বেড়েছে।

তিনি আরও জানান, পাচার হওয়া অর্থ ফেরত আনতে কিছুটা সময় লাগছে। তবে সার্বিকভাবে অর্থনীতি আগের সংকট থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে।

গণভোটকে সামনে রেখে অর্থ উপদেষ্টা বলেন,

গণভোটে আমরা ‘হ্যাঁ’ চাইছি

নবম পে স্কেল বিষয়ে তিনি উল্লেখ করেন যে পে কমিশনের রিপোর্ট পাওয়া গেলে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে। তবে নতুন পে স্কেল বাস্তবায়নে বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে বলেও জানান তিনি।

এর আগে ড. সালেহউদ্দিন আহমেদ গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে অংশ নেন এবং স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

Exit mobile version