Site icon বিক্রমপুর ইনসাইডার

নির্বাচনে প্রার্থী বা এজেন্টদের খাবার গ্রহণ করা যাবে না: পুলিশকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশের ভূমিকা আরও স্বচ্ছ, নিরপেক্ষ ও পেশাদার রাখতে কঠোর নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন—কোনো প্রার্থী, এজেন্ট বা রাজনৈতিক প্রতিনিধির কাছ থেকে পুলিশ সদস্যরা কোনো আর্থিক সুবিধা বা খাবার গ্রহণ করতে পারবেন না।

রোববার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম বিসিএস পুলিশ ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ শেষে প্রধান অতিথির বক্তব্যে এ নির্দেশ দেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনে দেড় লাখের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের প্রত্যেককে সর্বোচ্চ পেশাদারিত্ব প্রদর্শন করতে হবে। প্রার্থী বা এজেন্টদের কাছ থেকে কোনো ধরনের সুবিধা নেওয়া যাবে না। দায়িত্ব পালনকালে কারও দেওয়া খাবারও গ্রহণ করা নিষিদ্ধ।

তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন। দেশের মানুষ এমন পুলিশ বাহিনী আশা করে যারা ভয় তৈরি করে না বরং জনগণকে সম্মান, সহানুভূতি ও ভদ্রতার সাথে সেবা প্রদান করে।

দুর্নীতিকে রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু উল্লেখ করে উপদেষ্টা বলেন, দুর্নীতি শুধু অর্থনীতি ধ্বংস করে না, রাষ্ট্রের ভিত্তিকেও দুর্বল করে। তিনি পুলিশ কর্মকর্তাদের সততা, নৈতিকতা ও বিবেককে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। পুলিশ সুপারদের উদ্দেশে তিনি বলেন, কোনো বেআইনি আদেশ বা স্বার্থান্বেষী গোষ্ঠীর এজেন্ডায় কাজ করবেন না। প্রকৃত সাহস হলো অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো ও মজলুমের পক্ষে কাজ করা। পুলিশ জনগণের আস্থা অর্জন করতে পারলে আইন প্রয়োগ সহজ হয়ে যাবে।

Exit mobile version