Site icon বিক্রমপুর ইনসাইডার

সিরাজদীখানে ভাড়া বাড়ি থেকে মা–মেয়ের লাশ উদ্ধার: রহস্যজনক হত্যায় এলাকায় আতঙ্ক

মুন্সীগঞ্জের সিরাজদীখানে হৃদয়বিদারক এক ঘটনায় মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের দক্ষিণ রাজানগর গ্রামে এ দ্বৈত হত্যাকাণ্ড ঘটে। নিহতরা হলেন—আমেনা বেগম (৩২) ও তার আট বছর বয়সী মেয়ে মরিয়ম।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় চার থেকে পাঁচ মাস আগে আমেনা বেগম তার পরিবারসহ দক্ষিণ রাজানগরে ভাড়া বাসায় ওঠেন। সোমবার বেলা সাড়ে ১১টা থেকে ১২টার দিকে প্রতিবেশীরা ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের ভেতরে মা ও মেয়ের লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন।

নিহত আমেনা বেগম স্থানীয় নুরুজ্জামানের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তার স্বামী বরিশালের বাসিন্দা মিজান, পেশায় কাঠমিস্ত্রি। খবর পেয়ে সিরাজদীখান থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুই মরদেহ উদ্ধার করে।

সিরাজদীখান থানার ওসি মো. আব্দুল হান্নান বলেন, প্রাথমিকভাবে পারিবারিক কলহ বা পরকীয়াজনিত কোনো বিষয়কে হত্যাকাণ্ডের কারণ হিসেবে ধারণা করা হচ্ছে। তবে প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

Exit mobile version