Site icon বিক্রমপুর ইনসাইডার

বিশ্বকাপ বয়কট ইস্যুতে বিসিবি পরিচালক নাজমুল: কোটি টাকা খরচ করি, খারাপ খেললে কি ফেরত চাই?

আগামী মাসে শুরু হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আয়োজক দেশ ভারত। তবে নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশ দল ভারতে গিয়ে খেলতে অনিচ্ছুক—এমনই ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পাকিস্তানের মতো বিকল্প ভেন্যু হিসেবে শ্রীলঙ্কায় খেলতে আগ্রহী বিসিবি।

ইতোমধ্যে বিশ্বকাপ প্রস্তুতি বাবদ আইসিসির কাছ থেকে ৫ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৬ কোটি টাকার বেশি, পেয়েছে বিসিবি। তবে বিশ্বকাপ সংক্রান্ত আর অতিরিক্ত অর্থ পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম।

বিসিবির কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা নেই—জানিয়ে তিনি বলেন,
খেলোয়াড়রাই ক্ষতিগ্রস্ত হবে, কারণ বিশ্বকাপ না খেললে তারা ম্যাচ ফি পাবে না।”

তিনি আরও জানান, বিশ্বকাপ না খেললেও ২০২৭ সাল পর্যন্ত আইসিসি রেভিনিউ শেয়ারে কোনো প্রভাব পড়বে না। বর্তমানে প্রতিবছর বাংলাদেশ ২০.৪ মিলিয়ন ডলার এবং চার বছর পর আইসিসির রিজার্ভ ফান্ড থেকে আরও ৪ মিলিয়ন ডলার পায়।

খেলোয়াড়দের সম্ভাব্য আর্থিক ক্ষতি বিসিবি পুষিয়ে দেবে কি না—এমন প্রশ্নে নাজমুলের পাল্টা মন্তব্য ছিল বেশ কড়া।

তিনি বলেন—
ওরা গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে আমরা যে কোটি কোটি টাকা খরচ করি—আমরা কি সেটা ওদের কাছ থেকে ফেরত চাই?

তিনি আরও যোগ করেন,
এত খরচ করার পরও আমরা কি কোনো বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? যদি প্রতিবার খারাপ খেলত, তবে তো আমরা বলতে পারতাম—তোমরা খেলোনি, এবার টাকা ফেরত দাও।

ক্রিকেটার ও বোর্ড—কোনটি গুরুত্বপূর্ণ—এ প্রশ্নের উত্তরে তিনি পাল্টা প্রশ্ন করেন,
বোর্ড না থাকলে ক্রিকেটাররা থাকবে কীভাবে?

তার ভাষায়—
হাত না থাকলে শরীর থাকে না, শরীর না থাকলে হাত নেই। দুটোই একে অপরের পরিপূরক।”

Exit mobile version