মুন্সীগঞ্জ প্রতিনিধি:
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় বিএনপির দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের দিঘিরপাড় বাজার ও কামারখাড়া বাজার এলাকায় এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার দুপুর ১টা ১০ মিনিটের দিকে দিঘিরপাড় বাজার বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির দুই গ্রুপ দ্বিতীয় দফায় সংঘর্ষে জড়ায়। এর আগে একই দিন সকাল ১১টা ৪০ মিনিটে দিঘিরপাড় বাজার থেকে ধানের শীষের প্রচারণা মিছিল নিয়ে কামারখাড়া বাজারে গেলে সেখানে প্রথম দফায় সংঘর্ষের ঘটনা ঘটে।
আরও পড়ুন : মুন্সীগঞ্জে বিএনপির দুই বিদ্রোহী প্রার্থী বহিষ্কার
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথম দফার সংঘর্ষের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও অল্প সময়ের মধ্যেই আবার উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরবর্তীতে দিঘিরপাড় বাজার এলাকায় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে। এতে বাজার এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তার আশঙ্কায় দোকানপাট বন্ধ হয়ে যায়।
সংঘর্ষে আহতদের মধ্যে কয়েকজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেলেও তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা ও পরিচয় নিশ্চিত করা যায়নি।
খবর পেয়ে দিঘিরপাড় পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে টঙ্গিবাড়ী থানার পুলিশ জানায়, বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। সংঘর্ষের সঠিক কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

